আইসিসি টুর্নামেন্টে সাম্প্রতিক সময়টা দারুণ কাটছে ভারতের। একের পর এক শিরোপা জিতে বিশ্ব ক্রিকেটে নিজেদের আধিপত্য ধরে রেখেছে দলটি। আর সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের লক্ষ্য স্থির করেছেন ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুবমান গিল।
সবশেষ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েও শিরোপা জিততে পারেনি ভারত। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয় কোহলি-রোহিতদের দল।
তবে সেই হতাশা কাটিয়ে এরপর থেকেই একের পর এক সাফল্য পেয়েছে ভারত। জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (টানা ২০২৪ ও ২০২৬), চ্যাম্পিয়ন্স ট্রফি, এমনকি বয়সভিত্তিক ও নারী ক্রিকেটেও এসেছে একাধিক ট্রফি।
স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে গিল বলেন, “গতবছর আমরা ভারতের হয়ে পাঁচটি আইসিসি টুর্নামেন্ট জিতেছি। আমার মনে হয় না, এর আগে এমনটা হয়েছে।”
তবে এখানেই থামতে চান না এই তরুণ অধিনায়ক। ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে তার লক্ষ্য পরিষ্কার—শিরোপা জয়। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপকে বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি।
গিল বলেন, “২০২৭ বিশ্বকাপ জয়ই চূড়ান্ত লক্ষ্য। গতবার আমরা খুব কাছে গিয়েও পারিনি। এবার সেই আক্ষেপ ঘোচানোর দারুণ সুযোগ আছে।”
সম্প্রতি রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর দলের অধিনায়কত্ব পান গিল। এখন তার লক্ষ্য—অধিনায়ক হিসেবে দেশকে আরেকটি বড় শিরোপা এনে দেওয়া।
তিনি আরও বলেন, “দেশের হয়ে যেকোনো সংস্করণে বিশ্বকাপ জয়ই শেষ লক্ষ্য। তাই বিষয়টি সবসময় মাথায় থাকে।”

