মুম্বাই ইন্ডিয়ান্সের পরবর্তী ম্যাচে রোহিত শর্মার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পাঞ্জাব কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটে পড়েছেন দলের এই অভিজ্ঞ ব্যাটার।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় উরুর পেছনের পেশিতে অস্বস্তি অনুভব করেন রোহিত। ইনিংসের ষষ্ঠ ওভারে হঠাৎ করে সমস্যায় পড়েন তিনি। চিকিৎসা নেওয়ার পর আবার এক বল মোকাবিলা করলেও শেষ পর্যন্ত ব্যাটিং চালিয়ে যেতে পারেননি এবং ড্রেসিংরুমে ফিরে যান। এরপর আর মাঠে নামেননি তিনি।
দলীয় সূত্র জানিয়েছে, রোহিতের চোটের প্রকৃতি জানতে পরীক্ষা করা হবে। সেই রিপোর্টের ওপরই নির্ভর করবে তিনি পরবর্তী ম্যাচে খেলতে পারবেন কি না।
ম্যাচ শেষে সতীর্থ শেরফান রাদারফোর্ডও রোহিতের চোট নিয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি। তিনি বলেন, “এটা হয়তো পেশির সমস্যা, তবে আমি পুরোপুরি নিশ্চিত নই। আমি ডাগআউটে ছিলাম, তাই বিস্তারিত জানা নেই।”
চোটে পড়ার আগে ১৩ বলে ১৯ রান করেন রোহিত। চলতি আসরে তিনি ছিলেন ভালো ফর্মে। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৭৮ রান করার পর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে করেন ৩৫ রান। এখন পর্যন্ত চার ম্যাচে তার সংগ্রহ ১৩৭ রান।
তবে দল হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স খুব একটা ভালো অবস্থানে নেই। চার ম্যাচে মাত্র এক জয় নিয়ে তারা পয়েন্ট তালিকার নিচের দিকে অবস্থান করছে।
আগামী ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে মুম্বাই। প্রতিপক্ষ দলটি ভালো ছন্দে থাকায় ম্যাচটি কঠিন হতে পারে। এমন পরিস্থিতিতে রোহিতের অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হতে পারে।

