ঢাকাSunday , 12 April 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

চোটে ইমনের পিএসএল শেষ, বদলি হিসেবে লাহোরে চারিথ আসালঙ্কা

RH Riyad
April 12, 2026 7:22 pm
Link Copied!

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে দারুণ ছন্দে ছিলেন বাংলাদেশের তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন। তবে চোটের কারণে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে তার। ইমনের বদলি হিসেবে শ্রীলঙ্কার চারিথ আসালঙ্কাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।

পিএসএলের এবারের নিলামে ইমনকে ৬০ লাখ পাকিস্তানি রুপিতে দলে ভিড়িয়েছিল লাহোর। দলটির হয়ে মাত্র তিন ম্যাচ খেললেও ব্যাট হাতে দারুণ ছাপ রেখে গেছেন এই বাঁহাতি ব্যাটার। ১৬১.৩৪ স্ট্রাইক রেটে তিনি করেছেন ৭১ রান। এর মধ্যে এক ইনিংসে ১৯ বলে ৪৫ রানের ঝড়ো ক্যামিও খেলেন তিনি।

তবে মুলতান সুলতানসের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে চোটে পড়েন ইমন। সেই চোটই শেষ পর্যন্ত তার পিএসএল যাত্রা থামিয়ে দেয়। এরপরই তার বিকল্প হিসেবে দলে আনা হয়েছে শ্রীলঙ্কার ব্যাটার চারিথ আসালঙ্কাকে।

আসালঙ্কাকে দলে নেওয়ার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লাহোর কালান্দার্স লিখেছে, “কালান্দার পরিবারে স্বাগতম, চারিথ আসালঙ্কা!”
একই পোস্টে তারা আরও জানায়, “লাহোরে মুলতান সুলতানসের বিপক্ষে আমাদের বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে পাওয়া চোটের কারণে ছিটকে যাওয়া পারভেজ হোসেন ইমনের বদলি হিসেবে চারিথ আমাদের দলে যোগ দিয়েছে। আসালঙ্কা, এটাই তোমার সময়।”

লাহোরের বার্তায় আরও বলা হয়, “এইচবিএল পিএসএল ১১-এ কালান্দার্সের জার্সিতে তোমার সেই ভয়ডরহীন প্রতিভা দেখার জন্য আমরা আর অপেক্ষা করতে পারছি না।”

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা অবশ্য নতুন নয় আসালঙ্কার জন্য। এর আগে তিনি আইপিএল ও আইএলটি-টোয়েন্টিতে খেলেছেন। তবে এবারই প্রথম পিএসএলে দেখা যাবে এই শ্রীলঙ্কান ক্রিকেটারকে।

শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত ৭৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন আসালঙ্কা। সেখানে ১২৫.৯৫ স্ট্রাইক রেট ও ২২.৪০ গড়ে তার সংগ্রহ ১৪৫৬ রান।