ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক সাঞ্জু স্যামসন ২০২৬ সালের মার্চ মাসের জন্য আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) এই ঘোষণা দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার পান স্যামসন। পুরো টুর্নামেন্টজুড়ে তার ধারাবাহিক ও আগ্রাসী ব্যাটিং ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখে।
পুরস্কার জয়ের পর স্যামসন বলেন, এই স্বীকৃতি তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অর্জন। তিনি সতীর্থ ও কোচিং স্টাফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
টুর্নামেন্টের শুরুতে একাদশে সুযোগ না পেলেও সুপার এইট পর্বে দলে ঢুকে নিজেকে প্রমাণ করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৯৭, ইংল্যান্ডের বিপক্ষে ৪৬ বলে ৮৯ এবং ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
মার্চ মাসে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে স্যামসন মোট ২৭৫ রান করেন, গড় ১৩৭.৫০ এবং স্ট্রাইক রেট ১৯৯.২৭—যা তার দুর্দান্ত ফর্মের প্রমাণ।
এটি স্যামসনের ক্যারিয়ারের প্রথম আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার, যা তার জন্য একটি বড় মাইলফলক।

