ঢাকাWednesday , 22 July 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

এলপিএল খেলছেন না তাসকিন, অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিতে দেশে ফিরছেন

Rahidul
July 22, 2026 11:44 am
Link Copied!

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলছেন না। জাফনা কিংসের হয়ে মাঠে নামার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশে ফিরে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিতেই মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এলপিএলে অংশ নেওয়ার জন্য তাসকিন শুরুতে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। তবে মুস্তাফিজুর রহমান ইনজুরিতে পড়ায় তাকে দলে রেখে দেওয়া হয় এবং পুরো টি-টোয়েন্টি সিরিজ খেলেন তিনি। পরিকল্পনা ছিল সিরিজ শেষ করে শ্রীলঙ্কায় গিয়ে এলপিএলে যোগ দেওয়ার।

তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বদলেছে। বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, তাসকিনের জন্য আগেই এনওসি দেওয়া হয়েছিল। কিন্তু টি-টোয়েন্টি সিরিজ শেষে তিনি এলপিএলে না গিয়ে দেশে ফিরে কয়েক দিন বিশ্রাম নিয়ে লাল বলের ক্রিকেটের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিসিবিও তাসকিনের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে নিয়েছে। বোর্ডের আশা, পূর্ণ প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে বাংলাদেশের বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন এই ডানহাতি পেসার।

আগামী আগস্টের শুরুতেই বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবে। ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।