ঢাকাFriday , 10 July 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

‘আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি, তাই হেরেছি’— সিরিজ হারার পর তানজিদের স্বীকারোক্তি

Asif Al-Bar
July 10, 2026 11:08 am
Link Copied!

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৩ রানের হার দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম অকপটে স্বীকার করেছেন, প্রতিপক্ষের চেয়ে ভালো ক্রিকেট খেলতে না পারাই হারের মূল কারণ।

হারারেতে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে জিম্বাবুয়েকে চাপে ফেললেও বেন কারানের দুর্দান্ত সেঞ্চুরি এবং শেষদিকে ব্র্যাড ইভান্সের ঝড়ো ফিফটিতে স্বাগতিকরা তোলে ২৪৭ রান।

জবাবে তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়ের দুটি ফিফটিতে জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু দুজনই অর্ধশতক করার পর আউট হয়ে যান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৩৪ রানে থেমে যায় টাইগারদের ইনিংস।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তানজিদ বলেন, “আমার মনে হয় আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। তারা আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে, তাই জিতেছে। আমি আর হৃদয় যখন ব্যাট করছিলাম, তখন ভালোই এগোচ্ছিলাম। আমাদের বড় জুটি গড়া দরকার ছিল। দুজনই ফিফটি করে আউট হয়ে গেছি। একজনের অন্তত শেষ পর্যন্ত থাকা উচিত ছিল। এখানেই ম্যাচটা হেরেছি।”

জিম্বাবুয়ের ম্যাচসেরা ব্যাটার বেন কারানের ইনিংসের প্রশংসা করে তিনি বলেন, “সে শেষ বল পর্যন্ত ইনিংস ক্যারি করেছে, আমরা সেটা করতে পারিনি। এখানেই পার্থক্য।”

ব্যাটিং ব্যর্থতার দায়ও এড়িয়ে যাননি এই বাঁহাতি ওপেনার। তার ভাষায়, “আমার মনে হয় আমাদের বোলাররা ভালোই করেছে। আমরা ব্যাটাররা ভালো ব্যাট করতে পারিনি। প্রথম ম্যাচেও ১৪২ রান তাড়া করতে পারিনি। ব্যাটারদের আরও বেশি দায়িত্বশীল হওয়া দরকার।”

সিরিজ হারলেও শেষ ওয়ানডেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে দেখছেন তানজিদ। তিনি বলেন, “আমাদের জন্য খারাপ সিরিজ গেছে। টি-টোয়েন্টি সিরিজের আগে আরেকটি ম্যাচ আছে। সেখানে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই ভালো করতে পারলে কিছুটা আত্মবিশ্বাস পাওয়া যাবে, যা টি-টোয়েন্টি সিরিজে কাজে লাগবে।”

দুই ব্যাটারের ফিফটি সত্ত্বেও দল জিততে না পারার বিষয়ে তানজিদের মন্তব্য, “দুই ফিফটি ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল না। আমাদের শেষ পর্যন্ত ব্যাট করা দরকার ছিল। এখানেই ম্যাচ হেরেছি।”

লাইটের পরিস্থিতি নিয়ে বিতর্কের প্রসঙ্গ উঠলেও সে বিষয়ে মন্তব্য করতে চাননি তিনি। “লাইটের বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে নেই। আন্তর্জাতিক ক্রিকেটে এসবের সঙ্গে মানিয়ে নিয়েই খেলতে হয়। আম্পায়াররা সিদ্ধান্ত নিয়েছেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।”

এর আগে সফরের একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এরপর দুই ওয়ানডেতেও পরাজয়ের ফলে সিরিজ হাতছাড়া হয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ জুলাই হারারেতেই। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।